প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে চার লেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বিগত ১৭ বছরে এই মহাসড়কের কোনো উন্নয়ন হয়নি এবং বিএনপি সরকার যেভাবে রেখে গিয়েছিল, সড়কটি সেভাবেই রয়ে গেছে।
শনিবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের প্রাণ হলো কৃষকরা এবং বিএনপি সরকার গঠনের পর কৃষকদের কথা বিবেচনা করে লবণের মূল্য নির্ধারণ করা হবে, যাতে চাষীরা লাভবান হন। তিনি ‘করবো কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’— এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে কৃষক, নারী, শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য। সরকার দেশের ২০ কোটি মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এর আগে তিনি পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন এবং বলেন যে এটি শুধু একটি প্রকল্প নয়, এটি কৃষি, সেচ ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। খালটি পুনঃখনন হলে প্রায় সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং বছরে প্রায় ১২ হাজার মেট্রিক টন কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
তিনি আরও জানান, সদ্যঘোষিত জাতীয় বাজেটে কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় ৮ থেকে ১০ হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা আড়াই হাজার টাকা নগদ প্রণোদনা পাবেন। বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই কৃষকদের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে এবং তাদের উৎপাদন ব্যয় কমাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 


















