দেশের নারী ও শিশুদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ ‘পিংক বাস সার্ভিস’ চালুর একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই পরিকল্পনার কথা জানান।
অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নারীদের নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে সম্পূর্ণ নারী চালক, সহকারী ও ব্যবস্থাপনায় পরিচালিত এই ‘পিংক বাস সার্ভিস’ চালু করা হবে। এটি নারীদের জন্য একটি নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
প্রস্তাবিত বাজেটে কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবী নারীদের প্রতি সহিংসতা, নির্যাতন এবং যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। এছাড়াও, নারীদের জন্য নিরাপদ আবাসন সুবিধা এবং নিরাপদ যাতায়াত ব্যবস্থা আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। সরকার মনে করে, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি এবং জনজীবনে তাদের অংশগ্রহণ বাড়াতে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যেই বিভিন্ন সুরক্ষামূলক উদ্যোগের পাশাপাশি বিশেষ পরিবহন ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 





















