২০২৬ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী আয়োজনে বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বখ্যাত ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এক বিরল সম্মান বয়ে এনেছেন। কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি শুধু তার সুরের জাদুই দেখাননি, বরং জ্যাকেটের হাতায় বাংলাদেশের জাতীয় প্রতীকগুলো ধারণ করে বিশ্বজুড়ে কোটি কোটি বাঙালির হৃদয় জয় করেছেন। কানাডা বনাম বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার উদ্বোধনী ম্যাচের আগে ফিফার উদ্যোগে নির্মিত নতুন অফিশিয়াল গান ‘সির সির’ পরিবেশন করতে মঞ্চে ওঠেন সঞ্জয়। তার সঙ্গে পারফর্ম করেন বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ সেনসেশন ভেজেড্রিম।
পারফরম্যান্সের সময় বিশ্ববাসীর নজর কাড়ে সঞ্জয় দেবের পরিহিত বিশেষ জ্যাকেটটি। এর ডান হাতায় শৈল্পিক এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং লাল বৃত্তের মাঝে সবুজ পটভূমিতে জাতীয় পতাকা। পারফর্ম করার ফাঁকে ফাঁকে সঞ্জয় বারবার নিজের জ্যাকেটের হাতার দিকে ইশারা করে বিশ্ব মঞ্চে নিজের শিকড়ের প্রতি শ্রদ্ধা জানান, যা ছিল এক আবেগঘন মুহূর্ত।
সঞ্জয় দেবের জন্ম বাংলাদেশের সিলেট অঞ্চলে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণকারী সঞ্জয় প্রায় দুই দশক আগে তার বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। লস অ্যাঞ্জেলেসে বেড়ে উঠলেও তিনি তার জন্মভূমিকে ভোলেননি। অনুষ্ঠানের আগে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেছিলেন, তিনি বিশ্বকাপের এই মুহূর্তের জন্য বিশেষ পরিকল্পনা করেছেন। নিজের পোশাকে শিকড়কে তুলে ধরে তিনি তার সেই কথার সার্থক প্রতিফলন ঘটিয়েছেন।
বিশ্বকাপের মঞ্চ কাঁপানোর পর সঞ্জয় তার অফিশিয়াল ফেসবুক পেজে পারফরম্যান্সের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন, যা নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলে। ফেসবুক, এক্স এবং ইনস্টাগ্রামে নেটিজেনরা মন্তব্য করছেন যে, খেলার মাঠে বাংলাদেশ দল না থাকলেও সংস্কৃতির এই বিশ্ব মঞ্চে সঞ্জয় দেব বাংলাদেশের নাম চিরকালের জন্য খোদাই করে দিয়েছেন।
রিপোর্টারের নাম 


















