যশোরের চৌগাছায় এক নববধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের নাম শেফা (১৮)। তার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবার যৌতুকের দাবিতে শেফাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌগাছা পৌরসভার কুটিপাড়া এলাকার বাসিন্দা ও মুজিবুল ইসলামের মেয়ে শেফার সঙ্গে উপজেলার চুটারহুদা গ্রামের মিন্টুর ছেলে খালিদ বিন ওয়ালিদ ওরফে সেতুর দুই মাস আগে বিয়ে হয়। সেতুর চৌগাছা শহরে আকবর মার্কেটে বেস্ট ওয়ান নামে একটি কাপড়ের দোকান আছে।
শেফার পারিবারিক সূত্র জানিয়েছে, বিয়ের পর থেকেই সেতু ও তার পরিবার ব্যবসার জন্য এবং পরবর্তীতে বিদেশ পাঠানোর কথা বলে শেফার পরিবারের কাছে মোটা অংকের টাকা দাবি করে আসছিল। শেফার পরিবার টাকা দিতে ব্যর্থ হলে তাকে নানাভাবে নির্যাতন করা হয়। এক পর্যায়ে নিরুপায় হয়ে শেফা রোববার রাতে তার স্বামীর বাড়িতে গলায় দড়ি দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 






















