মৌলভীবাজারে সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মো. সাজু আহমেদ শোভন (৩৫) রংপুরের কোতয়ালী থানার পশ্চিম বাবু খাঁ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বড়লেখার নিউ সমনবাগ চা বাগানের শ্রমিক যতিন চাষার কাছে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে সাজু আহমেদ শোভন। তিনি মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে কৌশলে তার কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে রবিবার বিকেলে চা বাগানে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা তাকে আটক করে বড়লেখা থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র প্রদর্শন করেন, যেখানে তার নামের পাশে “ASP” পদবি উল্লেখ ছিল। পরে যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন এবং ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন।
পুলিশ তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র এবং দুটি মোবাইল ফোন জব্দ করেছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় বড়লেখা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান।
রিপোর্টারের নাম 






















