ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মাসুদ হাসান উজ্জ্বলের নতুন চলচ্চিত্র ‘বনলতা সেন’ দর্শকদের পাশাপাশি এবার মুগ্ধতা প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত এই ছবিটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
শনিবার (৮ জুন) এক ফেসবুক পোস্টে কোনাল জানান, তিনি ‘বনলতা সেন’ ছবিটি দেখেছেন এবং এটি শিল্পপ্রেমীদের জন্য এক রঙিন ক্যানভাসের মতো। তিনি বলেন, এই প্রথম তার এমন আফসোস হয়েছে যে কেন তিনি বাংলাদেশে বড় হননি, কেন আরো বেশি বাংলা সাহিত্য পড়েননি এবং কেন জীবনানন্দ দাশকে এতদিন ভালো করে অন্বেষণ করেননি।
পোস্টে কোনাল নির্মাতা উজ্জ্বলের ভূয়সী প্রশংসা করেন এবং গল্পে যিশুখ্রিষ্ট ও রবীন্দ্রনাথ ঠাকুরকে সমন্বয় করার বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে তাকে ‘জিনিয়াস’ বলে অভিহিত করেন। ছবির সংগীত প্রসঙ্গে তিনি বলেন, আবহ সংগীত অত্যন্ত সূক্ষ্ম কিন্তু শক্তিশালী এবং দৃশ্যের সঙ্গে নিবিড়ভাবে মিশে গেছে। ‘এখানে কেউ নেই’ গানটি তার মনে এক অদ্ভুত বিষণ্ণতা জাগিয়েছে যা তিনি আগে কখনো অনুভব করেননি, এজন্য তিনি সংগীত পরিচালক বাপ্পা মজুমদারকে কুর্নিশ জানিয়েছেন।
ছবির পুরো টিমকেই সাধুবাদ জানিয়ে কোনাল তার অনুসারীদের ‘বনলতা সেন’ ছবিটি দেশি-বিদেশি সকল দর্শকের দেখার আহ্বান জানিয়েছেন। ছবিতে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এছাড়াও মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডল, মাইমুনা মম, প্রিয়ন্তী উর্বী, গাজী রাকায়েত সহ আরও অনেকে অভিনয় করেছেন।
রিপোর্টারের নাম 

























