ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস তাদের মোট কর্মীর প্রায় ১০ শতাংশ, অর্থাৎ প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন অঞ্চলের কর্মীদের এই ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়েছে। সিঙ্গাপুরের কর্মীদের স্থানীয় সময় ভোর ৪টায় (ভারতীয় সময় রাত ১টা ৩০ মিনিটে) এই ইমেইল পাঠানো হয়। পর্যায়ক্রমে বিভিন্ন টাইম জোন অনুযায়ী এই নোটিফিকেশন পাঠানো হচ্ছে।
এই ছাঁটাইয়ের আগে মেটার কর্মী সংখ্যা ছিল প্রায় ৭৮,০০০। এখন হাজার হাজার কর্মী চাকরি হারাচ্ছেন এবং আরও অনেককে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। প্রতিষ্ঠানের প্রধান মানবসম্পদ কর্মকর্তা জানেল গেইল জানান, ৭ হাজার কর্মীকে নতুন এআই-নির্ভর দলে পুনর্বিন্যাস করা হবে। একইসঙ্গে প্রায় ৬ হাজার খালি পদ বাতিল করা হয়েছে এবং ব্যবস্থাপনার বিভিন্ন স্তরও কমানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে ছোট ছোট টিম এবং ফ্ল্যাট কাঠামো নিয়ে দ্রুত ও দায়িত্বশীলভাবে কাজ করা সম্ভব।’
গত মাসে তথ্য ফাঁসের পর মেটা এই ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছিল, যা কর্মীদের মনোবল মারাত্মকভাবে ভেঙে দিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার আগেই কিছু কর্মী বিনামূল্যে পাওয়া স্ন্যাক্স এবং অতিরিক্ত ল্যাপটপ চার্জার সংগ্রহ করতে শুরু করেন। একই সময়ে খবর আসে যে, এআই সিস্টেমকে প্রশিক্ষণ দিতে সাহায্য করার জন্য একটি নতুন অভ্যন্তরীণ টুল কর্মীদের মাউসের নড়াচড়া ও কি-বোর্ডের কি-স্ট্রোক ট্র্যাক করছে। এই পদক্ষেপের বিরোধিতা করে ১,০০০-এরও বেশি কর্মী একটি আবেদনে স্বাক্ষর করেন।
কর্মীদের অনেকের মতে, বাড়ি থেকে কাজের (ওয়ার্ক ফ্রম হোম) নির্দেশটি দেওয়া হয়েছিল যাতে ছাঁটাইয়ের প্রক্রিয়াটি নিঃশব্দে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন করা যায়।
রিপোর্টারের নাম 

























