ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় তিন শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এই বর্বরোচিত হামলার পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, ইউক্রেনীয়দের ওপর চালানো এই আগ্রাসনের জবাব দেওয়া হবে অত্যন্ত কঠোরভাবে। বিশেষ করে রাশিয়ার তেল শিল্প এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন।
শুক্রবার কিয়েভের ক্ষতিগ্রস্ত আবাসিক এলাকা পরিদর্শনকালে জেলেনস্কি জানান, নিহতদের মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী তিন কিশোরী রয়েছে। প্রায় ২৮ ঘণ্টার উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপ থেকে ৩০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে একই দিনে রাশিয়ার রিয়াজান শহরে ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধের এই উত্তেজনার মধ্যেই উত্তর ইউক্রেনে দুপক্ষের মধ্যে বন্দিবিনিময় সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় দুই দেশই ২০৫ জন করে মোট ৪১০ জন সেনাকে মুক্তি দিয়েছে।
রিপোর্টারের নাম 
























