ফিলিস্তিনি কর্তৃপক্ষের আটকে রাখা বিপুল পরিমাণ করের অর্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের হাতে জব্দ থাকা এই অর্থ দিয়ে যুদ্ধ-পরবর্তী গাজা পুনর্গঠনের ব্যয়ভার মেটানোর একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনের নিজস্ব সম্পদ দিয়েই তাদের ভূখণ্ড পুনর্নির্মাণের কাজ করা হবে।
মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে চলমান এই আলোচনা অনুযায়ী, করের অর্থের একটি অংশ গাজার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাবে এবং বাকি অংশ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দেওয়া হবে। তবে এর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বেশ কিছু প্রশাসনিক সংস্কারের শর্ত পূরণ করতে হবে। বর্তমানে ইসরাইলের কাছে ফিলিস্তিনের প্রায় ৫০০ কোটি ডলারের করের অর্থ আটকে রয়েছে, যার ফলে পশ্চিম তীরে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে।
ট্রাম্পের এই গাজা পুনর্গঠন পরিকল্পনার আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি ডলার। তবে এই পরিকল্পনায় ফিলিস্তিনিদের কোনো মতামত না থাকায় এবং তাদের নিজস্ব অর্থ ব্যবহারের প্রস্তাব আসায় পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরও কোণঠাসা হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে হামাস তাদের অস্ত্র সমর্পণ করতে রাজি না হওয়ায় এবং গাজায় ইসরাইলি হামলা অব্যাহত থাকায় এই শান্তি পরিকল্পনাটি বর্তমানে অনিশ্চয়তার মুখে রয়েছে।
রিপোর্টারের নাম 
























