দীর্ঘ সময় স্থিতিশীল থাকার পর ভারতের অভ্যন্তরীণ বাজারে পেট্রোল, ডিজেল ও সিএনজির দাম বাড়ানো হয়েছে। শুক্রবার দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে তিন রুপি এবং সিএনজিতে কেজিপ্রতি দুই রুপি বৃদ্ধি করা হয়েছে। মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং রুপির অবমূল্যায়নের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
নতুন এই সিদ্ধান্তের ফলে ভারতের প্রধান শহরগুলোতে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দিল্লিতে এখন প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৭ রুপি ৭৭ পয়সায় এবং ডিজেল ৯০ রুপি ৬৭ পয়সায়। মুম্বাই, কলকাতা ও চেন্নাইয়ের মতো মেগাসিটিগুলোতেও জ্বালানির দাম বেড়েছে সমানতালে। বিশ্লেষকরা বলছেন, ২০২২ সাল থেকে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করা হলেও বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে তা আর সম্ভব হয়নি।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে ভারতের ওপর আন্তর্জাতিক বাজারদরের বড় প্রভাব রয়েছে। ভারতের অর্থনীতিবিদরা মনে করছেন, ক্রমবর্ধমান আমদানি ব্যয় মেটাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এই মূল্যবৃদ্ধি অপরিহার্য ছিল। বর্তমানে ভারতের রিজার্ভ প্রায় ৬৯ হাজার কোটি ডলার হলেও বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলায় এটি আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রিপোর্টারের নাম 






















