ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে পূর্ববর্তী অবস্থান থেকে সরে এসেছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধের প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হলে কোনো আলোচনা সম্ভব নয়। শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ইরানের প্রস্তাবের শুরুটাই গ্রহণযোগ্য নয়।
ট্রাম্পের মতে, ইরান আগে ‘নো নিউক্লিয়ার’ বা পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ত্যাগে সম্মত হয়েছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম চালু থাকে, তবে প্রস্তাবের বাকি অংশ পড়ার প্রয়োজন মনে করেন না তিনি। তেহরানের দেওয়া নিশ্চয়তার মাত্রা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান একসময় তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগে রাজি হলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তবে শেষ পর্যন্ত ইরান আবারও সঠিক পথে ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি বর্তমানে আলোচনার এজেন্ডায় নেই এবং এটি পরবর্তী ধাপে আলোচিত হতে পারে। ইরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। অন্যদিকে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বা কঠোর অবরোধের বিষয়টি এখনও তার বিবেচনায় রয়েছে।
রিপোর্টারের নাম 






















