যুক্তরাজ্যের সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছেন মুসলিম প্রার্থীরা। গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে ইংল্যান্ডের বিভিন্ন আসনে ১০০ জনেরও বেশি স্বতন্ত্র মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। ফিলিস্তিন ইস্যু ও মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন এজেন্ডা নিয়ে লড়া মোট ৫৭৪ জন প্রার্থী এবারের নির্বাচনে জয় নিশ্চিত করেছেন।
হেনরি জ্যাকসন সোসাইটির (এইচজেএস) এক বিশ্লেষণে দেখা গেছে, ইংল্যান্ডের স্থানীয় পরিষদগুলোতে নির্বাচিত প্রতি ১০ জন প্রার্থীর মধ্যে অন্তত একজন মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে তাদের প্রচারণার মূল ভিত্তি হিসেবে ব্যবহার করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ীদের বড় একটি অংশ স্বতন্ত্র হিসেবে লড়লেও অনেকে গ্রিন পার্টি, লেবার পার্টি ও লিবারেল ডেমোক্র্যাট থেকে নির্বাচিত হয়েছেন।
বিজয়ীদের মধ্যে ১৩২ জন স্বতন্ত্র প্রার্থী এবং ৩৫০ জন গ্রিন পার্টির সদস্য রয়েছেন। উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে রয়েছেন নিউক্যাসলের মোহাম্মদ সুলেমান ও ল্যাম্বেথের সাইকা আলী। এছাড়া ম্যানচেস্টারের গ্রিন পার্টির প্রার্থী শামস সৈয়দও জয়লাভ করেছেন, যিনি গাজা ইস্যুকে তার রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু করেছিলেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় ৬.৫ শতাংশ মুসলিম। পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক দশকে দেশটিতে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০০১ সালের আদমশুমারিতে যা ছিল মাত্র ২.৭ শতাংশ, তা ২০১১ সালে বেড়ে ৪.৮ শতাংশে দাঁড়ায়। বর্তমানে ইংল্যান্ডে মুসলিমদের ঘনত্ব সবচেয়ে বেশি থাকলেও স্কটল্যান্ড ও ওয়েলসে এই হার তুলনামূলক কম।
রিপোর্টারের নাম 






















