ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে ইসরাইলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের উসকানিমূলক প্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার। বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও মানবিক রীতির চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে। কাতার মনে করে, এটি বিশ্বের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটি অপচেষ্টা।
বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত জেরুজালেমের ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা পরিবর্তনের জন্য ইসরাইল পরিকল্পিতভাবে এ ধরনের বিপজ্জনক কর্মকাণ্ড চালাচ্ছে। আল-আকসায় ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশে সহায়তা করা এবং ফিলিস্তিনিদের ওপর বিধিনিষেধ আরোপ করার বিষয়টিকে কাতার সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে।
কাতার সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর এই ধারাবাহিক আগ্রাসন বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আন্তর্জাতিক রেজোলিউশন মেনে চলতে ইসরাইলকে বাধ্য করার মাধ্যমেই কেবল এ অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব বলে কাতার মনে করে।
রিপোর্টারের নাম 





















