ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসির হাতে সই করা আর্জেন্টিনার একটি জার্সি এখন বাংলাদেশ জাতীয় জাদুঘরের অন্যতম প্রধান আকর্ষণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া এই বিশেষ স্মারকটি দেখতে প্রতিদিন অসংখ্য ফুটবলপ্রেমী ও দর্শনার্থী জাদুঘরে ভিড় জমাচ্ছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে এই প্রদর্শনীকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
জাদুঘরের গ্যালারিতে অত্যন্ত যত্নসহকারে ফ্রেমে বন্দি করে রাখা হয়েছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের এই জার্সিটি। এতে অধিনায়ক লিওনেল মেসি ছাড়াও দলের অন্যতম দুই তারকা হুলিয়ান আলভারেজ এবং এনজো ফার্নান্দেজের স্বাক্ষর রয়েছে। বিশ্ব ফুটবলের এমন এক ঐতিহাসিক স্মারক স্বচক্ষে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। অনেকেই জার্সির সামনে দাঁড়িয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রদর্শনী শুরুর পর থেকে দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্মীদের। দর্শনার্থীদের মতে, বিশ্বসেরা ফুটবলারের স্মারক বাংলাদেশের জাতীয় জাদুঘরে থাকা ক্রীড়াপ্রেমীদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। উল্লেখ্য, এই জার্সির ফ্রেমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের রিজিওনাল পার্টনার ওয়ালটনের লোগোও শোভা পাচ্ছে।
রিপোর্টারের নাম 






















