বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ২৩ মার্চ দায়িত্ব গ্রহণের পর সেনাপ্রধানের সঙ্গে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বুধবার (১৩ মে) অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের গৌরবময় অবদান এবং বিশ্বশান্তি রক্ষায় তাদের পেশাদারত্বের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে বিশ্বজুড়ে শান্তিরক্ষা কার্যক্রমে বর্তমানে যেসব নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা মোকাবিলায় বাংলাদেশি শান্তিরক্ষীদের সাহসিকতা ও একনিষ্ঠার প্রশংসা করেন তিনি। এসময় তিনি বিশ্বশান্তির জন্য জীবন উৎসর্গকারী বীর শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
জাতিসংঘের এই প্রতিনিধি বিশেষভাবে উল্লেখ করেন যে, উল্লেখযোগ্য সংখ্যক নারী শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে বাংলাদেশ ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে। পাশাপাশি, ২০২৪ সালের জুলাই মাস থেকে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী যে কার্যকর ও পেশাদারী ভূমিকা পালন করেছে, সেটিরও সাধুবাদ জানান তিনি।
সবশেষে, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাতিসংঘের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক। তিনি আশ্বস্ত করেন যে, দেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থা সামনের দিনগুলোতে আরও নিবিড়ভাবে কাজ করবে।
রিপোর্টারের নাম 

























