বুধবার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭০ জন শিক্ষার্থী বাংলাদেশের জাতীয় সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেয়েছেন। বেলা পৌনে ২টার দিকে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার হাবিব উল্লাহ ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৩০ জন শিক্ষার্থী এবং রাজধানীর মিরপুরের চেতনা মডেল একাডেমির বিভিন্ন শ্রেণির ৪০ জন শিক্ষার্থী সংসদ ভবনে আসেন। তারা সংসদ ভবনের স্থাপত্যশৈলী ঘুরে দেখেন এবং সংসদ ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার গ্রহণ করেন।
বেলা ৩টায় বাজেট অধিবেশন শুরু হলে শিক্ষার্থীরা সংসদের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন গ্যালারিতে বসে দিনের কার্যক্রম প্রত্যক্ষ করেন। তাদের সঙ্গে হাবিব উল্লাহ ডিগ্রি কলেজের ৫ জন শিক্ষক এবং চেতনা মডেল একাডেমির ৩ জন শিক্ষকও উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গ্যালারিতে বসে সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছেন। বুধবার বাজেট অধিবেশনের চতুর্থ দিনে এই শিক্ষার্থীরাও অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পান।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে দিনের অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)-এর আওতায় নোটিশসমূহের ওপর আলোচনা হয় এবং সংসদীয় স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়।
রিপোর্টারের নাম 


















