নির্যাতনের শিকার নারী ও শিশুদের সমন্বিত সহায়তা দিতে দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ (ওএসসিসি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে মন্ত্রী এই ঘোষণা দেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, ভুক্তভোগীদের চিকিৎসা, আইনি সহায়তা, মনোসামাজিক পরামর্শ, আশ্রয় ও পুনর্বাসন সহায়তা নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন জানান, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার প্রথমে আটটি পুরনো মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছিল, পরবর্তীতে আরও ছয়টি নতুন মেডিকেল কলেজে এর পরিধি বিস্তৃত করা হয়। বর্তমানে সারাদেশে ১৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার কার্যক্রম পরিচালনা করছে। এসব সেন্টারে চিকিৎসা, আইনি সহায়তা, ডিএনএ ও ফরেনসিক সহায়তা, পুনর্বাসন এবং সমাজে পুনরায় অন্তর্ভুক্তির সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হয়।
মন্ত্রী আরও জানান, প্রতিটি সেন্টারে ২২ জন করে জনবল থাকার কথা, যার মধ্যে চারজন চিকিৎসক, ছয়জন নার্স, চারজন পুলিশ কর্মকর্তা, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, একজন আইন কর্মকর্তা, একজন কম্পিউটার অপারেটর এবং অন্যান্য সহায়ক জনবল অন্তর্ভুক্ত। তার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে মোট ৮১ হাজার ৯২৮ জনকে সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৪৯ হাজার ৭৬৭ জন, যৌন নির্যাতনের শিকার ৩১ হাজার ৫৯৬ জন এবং অগ্নিদগ্ধ ৫৬৫ জন সেবা পেয়েছেন।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে এবং এসব মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং সমাজে বিদ্যমান চাহিদা পূরণে সহায়ক হবে। তিনি জানান, বর্তমানে ৯৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল রয়েছে, যার মধ্যে ৩০টি জেলা সদরে এবং ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু আছে। সরকারের লক্ষ্য হলো পর্যায়ক্রমে ৬৪ জেলা এবং দেশের প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেল বা সেন্টার চালু করা।
রিপোর্টারের নাম 
























