চট্টগ্রামের বাঁশখালীতে মর্মান্তিক ঘটনায় একই দিনে দুই সহোদরের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (১০ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে একটি ট্রেন দুর্ঘটনায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে অল্প সময়ের ব্যবধানে ছোট ভাইও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
নিহতরা হলেন বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন (৭৭) এবং তার ছোট ভাই মোহাম্মদ পেয়ারু (৬৬)। তারা মৃত ছাবের আহমদের ছেলে। নিহত শাহাবুদ্দিন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ছিলেন এবং বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবির বড় ভাই ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকায় কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন শাহাবুদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের ছোট ভাই সাইফুদ্দিন রবি নিশ্চিত করেছেন যে, বড় ভাই শাহাবুদ্দিনের মৃত্যুর খবর শোনার পর ছোট ভাই মোহাম্মদ পেয়ারু হৃদরোগে আক্রান্ত হন এবং চট্টগ্রাম নগরীর রহমাননগর এলাকার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 





















