আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান রেকর্ড পরিমাণ হ্রাস পেয়েছে। মঙ্গলবার (১২ মে) এক ডলারের বিনিময় মূল্য ৯৫.৫৮ রুপিতে দাঁড়িয়েছে, যা দেশটির মুদ্রার ইতিহাসে সর্বনিম্ন। জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম এবং ইরান-মার্কিন উত্তেজনা আর্থিক বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে, যা ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়িয়েছে।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, টানা দ্বিতীয় দিনের মতো রুপির এই রেকর্ড পতন দেখা গেছে। এর আগের দিনই রুপি এক মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ পতনের রেকর্ড গড়েছিল। সোমবার বাজার বন্ধ হয়েছিল প্রতি ডলার ৯৫.৩১ রুপি দরে, যা মঙ্গলবার আরও নিচে নেমে গেছে।
মুদ্রা ব্যবসায়ী ও বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের উচ্চমূল্য, আমদানিকারকদের ডলারের বর্ধিত চাহিদা এবং ভারতীয় বাজার থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের কারণে রুপির ওপর তীব্র চাপ সৃষ্টি হয়েছে।
নতুন করে ইরান-মার্কিন যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কাও রুপির দুর্বলতার পেছনে একটি কারণ হিসেবে যুক্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে ‘লাইফ সাপোর্ট’-এ আছে বলে বর্ণনা করেছেন। এই খবরে পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিরতা এবং তেলের বাজারে অস্থিতিশীলতার আশঙ্কায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
বাজার বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে না আসা পর্যন্ত এবং তেলের দাম নিয়ন্ত্রণে না এলে ভারতীয় রুপির এই পতন ঠেকানো কঠিন হবে। এর ফলে ভারতের বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় ধরনের চাপ তৈরির আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















