ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দোকানের ভ্যাট–সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চাওয়ায় এক ভ্যাট পরিদর্শককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মারধরের শিকার ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম একটি দোকানে পরিদর্শনে যান। সেখানে তিনি উপজেলা সদরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে অবস্থিত মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানের কাছে নিজের পরিচয় দিয়ে ভ্যাট–সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান। সরকারি ছুটির দিনে পরিদর্শককে দায়িত্ব পালন করতে দেখে ব্যবসায়ী হাবিবুরের সন্দেহ হয় এবং তিনি সাইফুল ইসলামকে ‘ভুয়া’ বলে আখ্যা দেন।
ভ্যাট পরিদর্শক তার ভিজিটিং কার্ড দেখালেও ব্যবসায়ীর সন্দেহ দূর হয়নি। এরপর হাবিবুর রহমান লোক জড়ো করে ভ্যাট পরিদর্শকের মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং একপর্যায়ে তাকে সেখানকার একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। এ সময় স্থানীয় সবুজ মিয়া নামে একজন ভ্যাট পরিদর্শককে বাঁচাতে এগিয়ে এলে হাবিবুর ও তার লোকজন সবুজের মাথায়ও লাঠি দিয়ে আঘাত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ভ্যাট পরিদর্শককে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মন জানান, আহত সাইফুল ইসলামের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তার ডান হাতের কনুইয়ের ওপরে ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ব্যবসায়ী হাবিবুর রহমানের দুটি প্রতিষ্ঠান রয়েছে—একটি ‘মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ’ ও অন্যটি ‘ব্রাদার্স ইন্টারন্যাশনাল’। কাগজপত্র দেখতে চাইলে হাবিবুর তাকে মারধর করে হাত ভেঙে দেন।
রিপোর্টারের নাম 
























