দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে ‘এস আলমের সহযোগীদের অপসারণ’ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ যাদের মাধ্যমে ইসলামী ব্যাংক দখল করে লুটপাট করেছে, এখন বিএনপিও তাদের মাধ্যমে ব্যাংকটি দখলের চেষ্টা চালাচ্ছে।
শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার-বংশাল জোনের সদস্য (রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলামী ব্যাংক ধ্বংস হলে দেশের অর্থনীতি ভয়াবহ সংকটের মুখে পড়বে। তিনি ইসলামী ব্যাংকের অর্থনৈতিক অবদান অব্যাহত রাখতে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর এস আলমের সহযোগীদের’ অপসারণ এবং দুর্নীতিমুক্ত, সৎ ব্যক্তিদের সমন্বয়ে পর্ষদ পুনর্গঠন করে একজন সৎ ও দক্ষ ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগের দাবি জানান।
এ সময় তিনি সরকারের প্রস্তাবিত বাজেট সংশোধন করে জনকল্যাণকর বাজেট পাসেরও আহ্বান জানান। জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, দমন-পীড়নের মাধ্যমে জামায়াতে ইসলামীকে দমিয়ে রাখা যাবে না। সরকারকে দমন-পীড়নের চিন্তা বাদ দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, অন্যথায় জনগণ রাজপথে নামলে সরকার আবারও দেশছাড়া হতে পারে।
সরকার জাতির সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করে দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী জাতিকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেও সরকার গঠনের পর বিএনপি গণভোটের রায় মেনে নেয়নি। তিনি সরকারের এই ‘দ্বিচারিতাকে’ জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে সরকার রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণ করতে পারবে না, ব্যাংক-বীমা দখল করতে পারবে না এবং প্রশাসনকে দলীয় বাহিনীতে রূপান্তর করতে পারবে না—এসব কারণেই সরকার গণভোটের রায় বাস্তবায়নে আপত্তি জানাচ্ছে। তিনি মনে করেন, আওয়ামী লীগ পুরোনো ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা করে পুরোনো ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠা করতে চাইছে।
রিপোর্টারের নাম 




















