রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এই আহ্বান জানান জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। তিনি বলেন, নবজাতক মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং এতে হাসপাতালের অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়। তবে কোনো পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ লাইসেন্স বাতিল করায় সেখানে ভর্তি থাকা রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়েছে।
বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা উল্লেখ করেন, আদ-দ্বীন হাসপাতাল গত তিন দশক ধরে দেশের নিম্নবিত্ত ও সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে। বিশেষ করে নারী ও শিশুদের চিকিৎসায় এই প্রতিষ্ঠানের বিশেষ সুনাম রয়েছে। এমন পরিস্থিতিতে হাসপাতালের কার্যক্রম পুরোপুরি বন্ধ না করে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া অথবা বিকল্প ব্যবস্থা রাখা প্রয়োজন ছিল বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, সাপ্তাহিক ছুটির ঠিক আগের দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন কঠোর সিদ্ধান্ত রোগীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই মানবিক দিক বিবেচনা করে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির অধিকার রক্ষায় সরকারকে এই সিদ্ধান্ত পুনরায় খতিয়ে দেখার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অব্যবস্থাপনা রোধে কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 
























