খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য এই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) মোতাবেক শফিকুল আলম মনাকে অন্য সব ব্যবসায়িক ও পেশাগত সংশ্লিষ্টতা বর্জনের শর্তে এই দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ পদে বহাল থাকবেন এবং তার নিয়োগের অন্যান্য শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই প্রজ্ঞাপনের অনুলিপি ইতিমধ্যে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের সংশ্লিষ্ট সকল উচ্চপদস্থ দপ্তরে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 




















