বাংলাদেশের সীমান্তে ভারত সরকারের পুশ-ইন প্রক্রিয়া এবং অব্যাহত সীমান্ত হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিরামপুর উপজেলায় ‘১১ দলীয় ঐক্য’ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা সীমান্ত এলাকায় নিরীহ বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারতের বিএসএফ কর্তৃক হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. আনোয়ারুল ইসলাম। তিনি তার বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্তে পুশ-ইন এবং সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন বন্ধ না হলে দেশের আপামর জনতাকে সঙ্গে নিয়ে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, সীমান্ত হত্যা কেবল মানবাধিকার লঙ্ঘন নয়, এটি একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিরামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
রিপোর্টারের নাম 




















