সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যে ‘স্টার্টআপ বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন আধুনিক বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিনির্ভর ধারণা প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। শিক্ষার্থীদের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভাবনই আগামীতে দেশের বড় বড় সমস্যার সমাধান দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা পরিবেশবান্ধব জ্বালানি, আধুনিক কৃষি প্রযুক্তি এবং স্মার্ট সিটি নির্মাণের নানা মডেল উপস্থাপন করে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে তারা তাদের মেধা ও চিন্তাকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ পেয়েছে।
রিপোর্টারের নাম 

























