বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের কুইজ্জাখোলা গ্রামে খালের ওপর নির্মিত অস্থায়ী বাঁধ ভেঙে যাওয়ায় তীব্র জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পানির স্রোতে বাঁধটি বিলীন হয়ে যাওয়ায় গ্রামটির সঙ্গে আশপাশের এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত তিনদিন ধরে প্রায় ৫৫টি পরিবারের আড়াই শতাধিক মানুষ কার্যত গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন।
স্থানীয়রা জানান, এই বাঁধটিই ছিল তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে এবং সাধারণ মানুষ দৈনন্দিন প্রয়োজনে চলাচল করতেন। বাঁধ ভেঙে যাওয়ায় অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া বা নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। উপজেলা প্রকৌশলী আবু হানিফ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এলাকাবাসী দীর্ঘদিন ধরে খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন।
রিপোর্টারের নাম 

























