কক্সবাজারের ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ভ্যান চালক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারিয়েছেন। নিহতের নাম মনির হোসেন (৪৯)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তুগুরিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মনির হোসেন ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রীও আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় চালক মনিরকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশি হেফাজতে রয়েছে।
রিপোর্টারের নাম 

























