রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান চলাকালে চিত্রনায়ক মাসুদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোট ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে চিত্রনায়ক মাসুদ শেখও একজন। সংশ্লিষ্ট থানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারের পর চিত্রনায়ক মাসুদ শেখকে তিন দিনের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৪ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘দেশপ্রেমিক’ সিনেমার মাধ্যমে মাসুদ শেখ চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এবং চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘দেশপ্রেমিক’, ‘পাগলা বাবুল’, ‘জামিন নাই’, ‘আসামী বধূ’, ‘দুর্দান্ত পামেলা’, ‘কুখ্যাত জরিনা’, ‘খবর আছে’, ‘মানুষ কেন অমানুষ’, ‘টাইম নাই’, এবং ‘চক্রান্তের শিকার’।
রিপোর্টারের নাম 
























