রাজধানীর মুগদা ও হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে মুগদার টিটিপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় ব্লক রেইড চালিয়ে ৫৮ জন মাদকাসক্তকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে, হাজারীবাগ থানা পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আরও ২৮ জনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মুগদায় গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাজারীবাগ থানা সূত্রে জানা গেছে, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ওই এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ পয়েন্টে তল্লাশি চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























