নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হোসাইন হত্যাকাণ্ডের লোমহর্ষক রহস্য উন্মোচন করেছে পুলিশ। কোনো শত্রুতা নয়, বরং অপরাধ জগতের স্বাদ নেওয়া এবং জেল খাটার অভিজ্ঞতা কেমন হয়—এমন ভয়ঙ্কর কৌতূহল থেকেই একদল কিশোর মিলে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই ঘটনায় জড়িত অভিযোগে ৬ কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে মাদক সেবনের আড্ডায় খুনের এই পরিকল্পনা করা হয়। অভিযুক্তরা সিদ্ধান্ত নেয় যে, কেউ একজনকে খুন করে তারা দেখবে আসলে জেলে যেতে হয় কি না। সেই পরিকল্পনা অনুযায়ী, ফুল বিক্রেতা শিশু হোসাইনকে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
গত ১৮ এপ্রিল নিখোঁজ হওয়ার ৫ দিন পর দাপা ইদ্রাকপুর এলাকার একটি বাড়ি থেকে হোসাইনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 
























