গাজীপুরের টঙ্গীতে খালাতো বোনের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার জেরে বাবা ও ছোট ভাইকে হত্যার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বড় ছেলে সাইফুর রহমান সোহান। রোববার রাতভর জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিশ্চিত হয়েছে যে, পারিবারিক কলহ ও প্রেমের টানাপোড়েন থেকেই এই জোড়া খুনের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, অভিযুক্ত সোহান ও তাঁর ছোট ভাই সাকিব উভয়েই একই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। শনিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে সোহান তাঁর ছোট ভাইকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে ও রগ কেটে হত্যা করেন। পরে নেশাগ্রস্ত অবস্থায় থাকা বাবা সোহেল রানা ঘটনাটি দেখে ফেললে তাকেও কৌশলে রেললাইনের পাশে নিয়ে যাওয়া হয়। সেখানে ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহান তাঁর অপরাধ স্বীকার করেছেন। তাঁকে ইতিমধ্যে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করছে পুলিশ।
রিপোর্টারের নাম 























