ভারতের তরুণ রাজনীতিকদের মধ্যে জনপ্রিয় ব্যক্তিত্ব রাঘব চাড্ডার ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদানের পর তার সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ইনস্টাগ্রামে, প্রায় ১০ লাখ ফলোয়ার কমে গেছে। দল পরিবর্তনের এই সিদ্ধান্তটি অনেক তরুণ ভোটার বা ‘জেন জ়ি’ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হয়নি বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর পর্যন্ত রাঘব চাড্ডার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ছিল ১৪.৬ মিলিয়ন বা ১ কোটি ৪৬ লাখ। কিন্তু দল বদলের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তা কমে গিয়ে দাঁড়ায় ১৩.৩ মিলিয়ন বা ১ কোটি ৩৫ লাখে।
ধারণা করা হচ্ছে, বিজেপিতে যোগদানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘আনফলো’ করার একটি আহ্বান ছড়িয়ে পড়ে এবং তরুণদের একটি বড় অংশ সেই আহ্বানে সাড়া দেয়। রাঘব চাড্ডার জনপ্রিয়তার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি বড় ভূমিকা ছিল। বিশেষ করে, রাজ্যসভায় তার দেওয়া কিছু বক্তৃতা ও ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। তার বক্তব্য এবং ব্যক্তিত্ব অনেক তরুণকে আকৃষ্ট করেছিল।
এছাড়াও, তার স্ত্রী পরিণীতি চোপড়া, যিনি বলিউডের একজন পরিচিত অভিনেত্রী ও গায়িকা, তিনিও তার জনপ্রিয়তায় পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন।
রিপোর্টারের নাম 



















