জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে নিজের আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখল এবং সম্পত্তি আত্মসাতের অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মো. শফিকুল ইসলাম এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে শফিকুল ইসলাম জানান, তিনি তার আপন মামার সঙ্গে যৌথভাবে ‘মোল্লা হার্ডওয়ার স্টোর’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গত ১৭ বছর ধরে পরিচালনা করে আসছেন। তিনি এই প্রতিষ্ঠানের জমির ০.৫২৭ একরের এক-তৃতীয়াংশের মালিক এবং প্রতিষ্ঠানের ৮ আনা শেয়ারধারী বলে দাবি করেন।
অভিযোগ রয়েছে, তার অংশীদার বিভিন্ন কৌশলে ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পত্তি এককভাবে দখলের চেষ্টা করছেন। প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব অংশীদারের নামে থাকায় তিনি এককভাবে আর্থিক লেনদেন পরিচালনা করছেন এবং বছরের পর বছর ধরে তাকে কোনো হিসাব বা লভ্যাংশ দেওয়া হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন যে, ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে সেই অর্থ তিনি ব্যক্তিগত ব্যবসায় বিনিয়োগ করছেন এবং এর থেকে অর্জিত লাভ এককভাবে ভোগ করছেন, যা থেকে তিনি দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন।
শফিকুল ইসলাম জানান, তিনি যখন প্রতিষ্ঠানের হিসাব জানতে চান, তখন তাকে হুমকি দেওয়া হয় এবং জোরপূর্বক ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি তার অংশের সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে এবং তা না করলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল যেকোনো সময় সরিয়ে ফেলার চেষ্টা করা হতে পারে, যাতে তাকে তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা যায়। এই অবস্থায়, তিনি প্রশাসনের কাছে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানিয়েছেন।
এছাড়া, তিনি উল্লেখ করেন যে, পূর্বে হারানো একটি ব্যাংক চেকের ভিত্তিতে সম্প্রতি তার বিরুদ্ধে প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকার দাবিতে একটি উকিল নোটিশ পাঠানো হয়েছে, যা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন এবং চেক জালিয়াতির অংশ বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম তার উপর হওয়া অন্যায় ও হয়রানির বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ এবং ন্যায়বিচার কামনা করেন।
রিপোর্টারের নাম 

























