বিশ্বকাপ ফুটবল ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে খুনসুটি ও তর্ক-বিতর্ক নতুন কিছু নয়। তবে শেরপুরে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা, যা ইতোমধ্যে এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক দেবপ্রিয় দাস (শিবু) হঠাৎ করেই দল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি।
সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকায় এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। এ সময় ব্রাজিলের প্রায় ২০ থেকে ২৫ জন সমর্থক উপস্থিত ছিলেন।
ব্রাজিল সমর্থক মো. আলিম জানান, দেবপ্রিয় দাস দীর্ঘদিন শুধু লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করতেন। তবে তার ধারণা, এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। এছাড়া বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত খেলোয়াড় না থাকায় দলটির ওপর তার আস্থা কমে গেছে।
অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল এবং নেইমারের খেলা তাকে আকৃষ্ট করেছে। এসব কারণেই তিনি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।
দল পরিবর্তনের বিষয়ে শিবু বলেন, তিনি দীর্ঘদিন মেসির কারণে আর্জেন্টিনার সমর্থক ছিলেন। তবে এখন মনে হচ্ছে এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে এবং বর্তমান দলে আগের মতো তারকা খেলোয়াড় নেই। তাই আর্জেন্টিনার ওপর আগের মতো ভরসা পাচ্ছেন না। ব্রাজিলের নান্দনিক ফুটবল ও নেইমারের প্রতি ভালো লাগা থেকেই তিনি নতুন সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় মেহের খান জানান, প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে শিবুকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল সমর্থক হিসেবে বরণ করা হয়। এ সময় তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান অন্যান্য সমর্থকরা।
স্থানীয়দের মতে, বিশ্বকাপকে সামনে রেখে এমন ভিন্নধর্মী দলবদলের ঘটনা এলাকায় কৌতূহল সৃষ্টি করেছে। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস।
রিপোর্টারের নাম 

























