ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন এবং লেবাননে ব্যাপক হামলার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নীরবতার তীব্র সমালোচনা করেছে। দলটি অভিযোগ করেছে যে, মোদি সরকার ‘খুনি ইসরাইলি সরকারের’ প্রতি নজিরবিহীন সংহতি প্রকাশ করেছে, যা ভারতের ঐতিহ্যবাহী পররাষ্ট্রনীতি এবং মানবিক মূল্যবোধের পরিপন্থী। কংগ্রেস এই আচরণকে ‘নৈতিক কাপুরুষতা’ হিসেবে আখ্যায়িত করেছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক বিবৃতিতে বলেন, ‘গাজায় ইসরাইলের অব্যাহত গণহত্যা এবং লেবাননে তাদের ব্যাপক বোমাবর্ষণের বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতা তার নৈতিক দুর্বলতা প্রকাশ করে। অধিকৃত পশ্চিম তীরে লাখ লাখ ফিলিস্তিনির সম্পদ কেড়ে নেওয়া এবং তাদের বাস্তুচ্যুতির বিষয়েও তিনি সম্পূর্ণ নীরব রয়েছেন।’ তিনি আরও যোগ করেন, ‘মোদি সরকারের মতো ‘খুনি ইসরাইলি সরকারের’ প্রতি এতটা সংহতি অন্য কোনো সরকার দেখায়নি।’
উল্লেখ্য, গত মার্চ মাসেও কংগ্রেস ইসরাইলের মধ্যপ্রাচ্যে যুদ্ধের আড়ালে ‘বৃহত্তর ইসরাইল’ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার অভিযোগ তুলেছিল, যা ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে শেষ করে দিচ্ছে বলে তারা মনে করে। পশ্চিম তীরে ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারত সরকারের সোচ্চার না হওয়ায় প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করেছিল দলটি।
রিপোর্টারের নাম 
























