জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলো— হোসেন আলী (১০) ও রহমত আলী (৯)। তারা স্থানীয় মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, স্কুল থেকে ফিরে হোসেন ও রহমত তাদের বন্ধুদের সঙ্গে গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানির গভীরে তলিয়ে যায়। তাদের দেখতে না পেয়ে স্বজনরা পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























