২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে বিভিন্ন দেশের মোট ৭ হাজার ৬৪৩ জন অনিয়মিত অভিবাসী পৌঁছেছেন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরের তুলনায় চলতি বছরে দেশটিতে সমুদ্রপথে অভিবাসীদের আগমনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১৩ হাজার ৯ জন এবং ২০২৪ সালে ছিল ১৬ হাজার ৯০ জন। তবে সামগ্রিক আগমন কমলেও জাতীয়তার দিক থেকে বাংলাদেশিরা ইতালিতে পৌঁছানোর তালিকায় শীর্ষে অবস্থান করছেন। চলতি বছরে এখন পর্যন্ত ২ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন, যা মোট আগমনের প্রায় ২৭ শতাংশ।
বাংলাদেশিদের পর সোমালিয়া থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৯৫৬ জন অভিবাসীর আগমন নথিভুক্ত হয়েছে। এছাড়া পাকিস্তান থেকে ৭৯৭ জন, সুদান থেকে ৬৮১ জন এবং মিশর থেকে ৫৩৪ জন অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। তিউনিসিয়া, মালি, এরিত্রিয়া এবং মরক্কোসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের উপস্থিতিও সরকারি তথ্যে উঠে এসেছে।
এপ্রিল মাসের দৈনিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অভিবাসীদের আগমনের সংখ্যায় বেশ ওঠানামা রয়েছে; যেমন ২০ এপ্রিল ২১৬ জন পৌঁছালেও ২১ এপ্রিল এই সংখ্যা ছিল মাত্র ২৪ জন। অন্যদিকে, অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের সংখ্যাও গত দুই বছরের তুলনায় নাটকীয়ভাবে কমেছে। ২০২৬ সালের ২০ এপ্রিল পর্যন্ত মোট ১ হাজার ৪৯৫ জন অপ্রাপ্তবয়স্ক ইতালিতে পৌঁছেছেন, যেখানে ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১২ হাজার ১৭৭ এবং ২০২৪ সালে ছিল ৮ হাজার ৭৫২ জন।
রিপোর্টারের নাম 

























