ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর সৌদি আরবে ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার কদমতলী এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনের মধ্যে এই সংঘাতের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান। দেশে ফেরার সময় তিনি একটি লাগেজ সেখানে ফেলে আসেন। ওই লাগেজ ফিরিয়ে আনার দাবিতে গত বৃহস্পতিবার বৃদ্ধার স্বজনরা স্থানীয় হজ এজেন্সিতে গিয়ে চাপ সৃষ্টি করেন। তবে এজেন্সি কর্তৃপক্ষ জানায়, লাগেজের সম্পূর্ণ দায়িত্ব হজযাত্রীর নিজের। এ নিয়ে বিতণ্ডার একপর্যায়ে এজেন্সির কার্যালয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ স্বজনরা।
এই ঘটনার জেরে শনিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন কদমতলী এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, লাগেজ নিয়ে সৃষ্ট উত্তেজনার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
রিপোর্টারের নাম 























