দীর্ঘ ২৭ বছর নিখোঁজ থাকার পর অবশেষে মালয়েশিয়া থেকে জন্মভূমিতে ফিরেছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার। তবে তার এই ফিরে আসা স্বজনদের কাছে একইসঙ্গে আনন্দ ও বেদনার। দীর্ঘদিন বিদেশে মানবেতর জীবন কাটানোর ফলে তিনি বর্তমানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন এবং নিজের পরিবারের কাউকেই চিনতে পারছেন না।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন আমির হোসেন। প্রথম কয়েক বছর নিয়মিত যোগাযোগ থাকলেও তিন বছর পর থেকে তিনি সম্পূর্ণ নিখোঁজ হয়ে যান। সম্প্রতি মালয়েশিয়ার পেনাংয়ের একটি জঙ্গলের জরাজীর্ণ ঘর থেকে তাকে উদ্ধার করেন স্থানীয় প্রবাসীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে দেশে থাকা পরিবার তাকে শনাক্ত করে।
পরবর্তীতে বাংলাদেশ দূতাবাস ও ব্র্যাকের সহায়তায় ট্রাভেল পাসের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। বিমানবন্দরে বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার সন্তানরা। ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে, আমির হোসেনের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করা হবে।
রিপোর্টারের নাম 

























