গাইবান্ধার সাদুল্যাপুরে অটোরিকশার ধাক্কায় জুবায়ের মিয়া (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। দুর্ঘটনাটি ঘটে বুধবার বিকেলে উপজেলার ধাপেরহাট এলাকার সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কে।
নিহত জুবায়ের হিংগারপাড়া গ্রামের আফিজুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে জুবায়ের রাস্তা পার হচ্ছিল। এসময় ধাপেরহাট থেকে সাদুল্যাপুরগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে মারাত্মকভাবে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শিশু মৃত্যুর প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিল। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























