যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উচ্চশিক্ষার জন্য অবস্থানরত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত।
সহপাঠীদের সূত্রে জানা গেছে, গত পাঁচ দিন আগে এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যাওয়ার পর থেকেই বৃষ্টির কোনো হদিস পাওয়া যাচ্ছে না। রহস্যজনকভাবে বৃষ্টি এবং তার সঙ্গে থাকা ওই সহপাঠীর মোবাইল ফোনও বন্ধ রয়েছে। ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের সর্বশেষ অবস্থান ক্যাম্পাসের ভেতরে শনাক্ত করা গেলেও এরপর আর কোনো তথ্য মেলেনি। বিষয়টি ইতোমধ্যে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলকে জানানো হয়েছে।
নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় পুলিশ ও স্টেট পুলিশ যৌথ তদন্ত শুরু করেছে। কনস্যুলেট সূত্র জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনে এফবিআই-এর সহায়তা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। স্থানীয় হাসপাতাল, বিমানবন্দর ও ডিটেনশন সেন্টারগুলোতেও বৃষ্টির খোঁজ নেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো ইতিবাচক খবর পাওয়া যায়নি। বৃষ্টির পরিবার জানিয়েছে, গত ১৬ এপ্রিল শেষবারের মতো তার সঙ্গে কথা হয়েছিল। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তারা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
রিপোর্টারের নাম 
























