ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাচ্ছেন। তবে এই সফরের সময়সূচি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এবং ‘সিএনএন’ ভিন্ন ভিন্ন তথ্য পরিবেশন করেছে, যা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে প্রতিনিধি দলটি ইতোমধ্যে ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছে এবং স্থানীয় সময় রাতের মধ্যেই সেখানে পৌঁছাবে। এই প্রতিনিধি দলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাশাপাশি রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র এই আলোচনাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান চায়।
অন্যদিকে সিএনএন তাদের প্রতিবেদনে কিছুটা ভিন্ন চিত্র তুলে ধরেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট মঙ্গলবার ওয়াশিংটন থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হতে পারেন এবং বুধবার দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সিএনএন আরও উল্লেখ করেছে যে, দুই দেশের মধ্যে চলমান উত্তপ্ত বাক্যবিনিময়ের কারণে সফরের সময়সূচি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। হোয়াইট হাউস থেকেও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সময় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য যে, গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা টানা ২১ ঘণ্টা চললেও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দুই দেশের মধ্যে আস্থার সংকটই ছিল সেই ব্যর্থতার মূল কারণ। এমন প্রেক্ষাপটে জেডি ভ্যান্সের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, যদিও তেহরান জানিয়েছে যে তারা নতুন কোনো শান্তি আলোচনার পরিকল্পনা করছে না।
রিপোর্টারের নাম 























