মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পাদাং মেইহা শিল্প এলাকায় অভিবাসী শ্রমিকদের আবাসিক স্থাপনায় অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রবিবার (১৯ এপ্রিল) রাতে ‘অপস সাপু’ নামে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে বসবাস ও কাজ করার অভিযোগে বাংলাদেশিসহ মোট ১৬ জনকে আটক করা হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, শিল্প এলাকার পাশে একটি দুইতলা ভবনে এসব শ্রমিক অবস্থান করছিলেন। ভবনের সামনের অংশে একটি মুদি দোকানও ছিল, যেখানে রান্নার তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হতো এবং যা মূলত ওই এলাকার বিদেশি শ্রমিকদের চাহিদা পূরণ করত। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অভিযান) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, রাত ১টা ২০ মিনিটে শুরু হওয়া এই অভিযানে কেদাহ অভিবাসন বিভাগের ৩০ জন কর্মকর্তা অংশ নেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।
তিনি জানান, মোট ৩৩ জন বিদেশিকে যাচাই করা হয়, যাদের মধ্যে চীন, বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক ছিলেন। যাচাই শেষে ১০ জন চীনা, পাঁচজন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিকসহ মোট ১৬ জনকে আটক করা হয়। অভিযানের সময় কয়েকজন পালানোর চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাদের দ্রুত আটক করা সম্ভব হয়। আটককৃতদের সিক জেলার বেলান্তিক আটক কেন্দ্রে পাঠানো হবে।
লোকমান এফেন্দি আরও জানান, এলাকাটিতে এটি প্রথম অভিযান হওয়ায় বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। তিনি নিয়োগকর্তাদের সতর্ক করে বলেন, বৈধ অনুমতি ছাড়া বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে সামাজিক ভিসায় এসে কাজ করা বা নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা ব্যক্তিদের কাজে লাগানো আইনত দণ্ডনীয়। দোষী প্রমাণিত হলে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৫৬(১)(ডি) ধারায় কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
রিপোর্টারের নাম 
























