দেশের স্বনামধন্য একটি ট্রেডিং প্রতিষ্ঠানের নাম ও লোগো নকল করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই চক্রের অন্যতম সক্রিয় সদস্য মো. তাজুল ইসলামকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডির সাইবার ইন্টেলিজেন্স ও রিস্ক ম্যানেজমেন্ট টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে।
তদন্তে জানা গেছে, প্রতারক চক্রটি প্রথমে অল্প বিনিয়োগে লাভের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করত। পরবর্তীতে বড় অংকের শেয়ার বরাদ্দের কথা বলে ধাপে ধাপে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত। এক ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ২১ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলে এই চক্রের আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে পায় পুলিশ। গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম মূলত বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যাংক হিসাব ও ডেবিট কার্ড সংগ্রহ করে চক্রের সদস্যদের সরবরাহ করত।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, গ্রেপ্তারকৃত আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অনলাইনে যেকোনো ধরনের বিনিয়োগের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে সিআইডি।
রিপোর্টারের নাম 






















