বান্দরবানের লামা উপজেলায় দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ওমর ফারুক (৩০) নামে এক রাবার ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে লামা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর বাবা আব্দুস সবুর বাবুল এই অভিযোগ করেন। তিনি জানান, স্থানীয় মাহফুজ আলম মাসুমের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১৪ এপ্রিল রাতে ওই চক্রটি বাগান থেকে প্রায় দেড় লাখ টাকার রাবার শিট লুট করে নিয়ে যায়। এর পর ২৪ ঘণ্টার মধ্যে ১০ লাখ টাকা চাঁদা না দিলে ব্যবসা বন্ধ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় আজিজনগর বাজারে দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে ওমর ফারুকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন।
হামলাকারীরা এলাকা ছেড়ে যাওয়ার সময় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ঘটনায় মাহফুজ আলম মাসুম, কোরবান আলী, মনির হোসেনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 























