রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকার ফুটপাত হকারমুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কর্তৃপক্ষ। বুধবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এই অভিযানের উদ্বোধন করেন। আনসার সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত এই অভিযানে হাসপাতালের সামনের ফুটপাত ও আশপাশের অবৈধ স্থাপনা এবং ভ্রাম্যমাণ দোকানপাট সরিয়ে দেওয়া হয়।
ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শহীদ মিনার গেট থেকে শুরু করে হাসপাতাল সংলগ্ন সব এলাকা দখলমুক্ত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে রোগী ও তাদের স্বজনদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। হাসপাতালের পরিবেশ সুন্দর রাখতে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগেও গত ২ এপ্রিল একই ধরনের অভিযান চালানো হয়েছিল, কিন্তু কয়েক দিনের মাথায় আবারো হকাররা ফুটপাত দখল করে নেয়। এবার নিয়মিত তদারকির মাধ্যমে এলাকাটি হকারমুক্ত রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন ও হাসপাতাল কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 

























