হরমুজ প্রণালী অবরোধের সিদ্ধান্ত থেকে সরে এসে আলোচনার টেবিলে বসতে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের পদক্ষেপ ইরানের সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং জাহাজ চলাচলের অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর তেহরান পাল্টা জবাব দেয়। এরপর থেকে ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ রেখেছে। ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য করার লক্ষ্যে ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপের ঘোষণা দেন, যা গতকাল সোমবার থেকে কার্যকর হয়েছে।
আরব কর্মকর্তারা সতর্ক করেছেন যে, এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দিতে পারে। লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ বাব আল-মান্দেব সৌদি আরবের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রিপোর্টারের নাম 




















