মাদারীপুরের শিবচরে জ্বালানি তেলের সংকট মোকাবিলা এবং কৃষি উৎপাদন সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বোরো মৌসুমে সেচকাজে যাতে কৃষকদের কোনো সমস্যা না হয়, সেজন্য সরাসরি ডিপো থেকে ১২ হাজার লিটার ডিজেল সংগ্রহ করে কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।
এই উদ্যোগের আওতায় প্রায় ১ হাজার ২০০ প্রান্তিক কৃষক সরকারি মূল্যে মাথাপিছু ১০ লিটার করে ডিজেল সংগ্রহ করতে পারছেন। আগে পাম্পগুলোতে তেলের সংকটের কারণে চাষাবাদ নিয়ে কৃষকরা চরম দুশ্চিন্তায় ছিলেন। প্রশাসনের এই সরাসরি হস্তক্ষেপের ফলে তারা স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় কৃষকরা জানান, সময়মতো ডিজেল পাওয়ায় তাদের সেচ কার্যক্রম এখন নির্বিঘ্নে চলবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার।
রিপোর্টারের নাম 

























