আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এনবিআর-এর ব্যবহৃত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এফএক্সটিএমএস) সংযোগ স্থাপন করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই সংযোগের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
এই আন্তঃসংযোগের ফলে সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তারা এখন থেকে অনলাইনে ব্যাংকের ইনভয়েস রিয়েল টাইমে যাচাই করতে পারবেন। পূর্বে, ব্যাংক কর্তৃক প্রত্যায়িত কমার্শিয়াল ইনভয়েসগুলো কাস্টমসের কাছে হার্ড কপি হিসেবে দাখিল করতে হতো। কিন্তু নতুন এই ব্যবস্থার ফলে বাংলাদেশ ব্যাংকের এফএক্সটিএমএস থেকে সরাসরি অ্যাসাইকুডা সিস্টেমে কমার্শিয়াল ইনভয়েসের সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে। এর ফলে কাস্টমস অফিসে হার্ড কপি দাখিলের প্রয়োজন হবে না।
এনবিআর জানিয়েছে, এই উদ্যোগটি ‘পেপারলেস কাস্টমস’ ব্যবস্থা প্রবর্তনের পথে একটি বড় মাইলফলক। এর মাধ্যমে কাগজের ওপর নির্ভরতা কমবে, রাজস্ব ফাঁকির প্রবণতা রোধ হবে এবং আমদানি-রপ্তানি পণ্যের খালাস প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। ট্রেডবেইজড মানি লন্ডারিং কমার পাশাপাশি পণ্য মূল্য নির্ধারণে একটি নির্ভরযোগ্য ডাটাবেস তৈরি হবে বলেও আশা করা হচ্ছে।
সকল বাণিজ্যিক ব্যাংকের সহযোগিতায় বাস্তবায়িত এই যৌথ উদ্যোগ বাণিজ্য সহজীকরণে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























