নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার এবং পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অনিক (২২) নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁও এলাকায় নাজিম উদ্দিন গ্রুপ ও আলাল মুন্সি গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত অনিক দড়িগাঁও গ্রামের ওসমান মিয়ার ছেলে এবং নাজিম উদ্দিনের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পূর্ববিরোধের জেরে আলাল মুন্সির সমর্থকরা মঙ্গলবার ভোরে স্পিডবোটে নিলক্ষায় প্রবেশ করে নাজিম উদ্দিন গ্রুপের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এর জেরে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা দ্রুত হরিপুর ও দড়িগাঁও এলাকায় ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত কয়েক দফায় এই সংঘর্ষ চলে। এ সময় প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে অনিক মাথায় গুলিবিদ্ধ হন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা ও ওসি মজিবুর রহমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে রাজু (২৮) ও মোস্তফা (৬০) নামে আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরসহ বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তরুণের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে এবং এলাকার পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানিয়েছেন, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
রিপোর্টারের নাম 



















